প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
জাবি ছাত্রীকে আটকে নির্যাতন, পোড়ানো হলো হাত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন এক ছাত্রের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
ভুক্তভোগী ছাত্রী ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী তারিকুল ইসলাম (৩২)-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন। ঘটনার পর তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে তিনি বিভাগের এক নারী শিক্ষকের কাছে বিস্তারিত বর্ণনা দেন।
ওই শিক্ষকের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের সঙ্গে ছাত্রীর পূর্বে ব্যক্তিগত সম্পর্ক ছিল, যা পরবর্তীতে ভেঙে যায়। মঙ্গলবার রাতে অভিযুক্ত হলের সামনে এসে শেষবারের মতো কথা বলার কথা বলে তাকে বাসায় যাওয়ার জন্য চাপ দেন। ছাত্রী রাজি না হলে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা হয়। একপর্যায়ে ইফতার সামগ্রী কেনার কথা বলে তাকে বাসায় নেওয়া হয়।
বাসায় পৌঁছানোর পর অভিযুক্ত তার মুখে টেপ লাগিয়ে মারধর করেন এবং হাতের ওপর গরম পানি ঢেলে দেন বলে অভিযোগ। নির্যাতনের একপর্যায়ে ভুক্তভোগী পোড়া স্থানে ওষুধ কেনার কথা বললে, অভিযুক্ত বাইরে থেকে কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে আশুলিয়া থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
পুলিশ প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়। সেখানকার চিকিৎসক তানভীর হোসেন জানান, ছাত্রীর হাতের তিন থেকে চার সেন্টিমিটার অংশ পুড়ে গেছে। পূর্ণাঙ্গ বার্ন চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।
প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাননি।
অন্যদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
Copyright © 2026 All rights reserved.